
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আর জি কর মেডিক্যাল কলেজে অধ্যয়নরত মেধাবী মেডিক্যাল ছাত্রী ‘অভয়া’র নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হতে চলেছে আগামী ৯ই আগস্ট। বিচার এখনও অধরা, সুবিচারের সামান্য আশাও যেন নিঃশেষ হয়ে আসছে। এই বর্ষপূর্তিকে সামনে রেখে রায়গঞ্জে শুরু হয়েছে প্রতিবাদী কর্মসূচির প্রস্তুতি।

আয়োজকদের মতে, গত বছরের এই ঘটনাটি রাজ্যের প্রাতিষ্ঠানিক নৃশংসতার এক জ্বলন্ত নজির হয়ে উঠেছিল। অভয়ার হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষ, ছাত্রসমাজ, শিক্ষক ও নাগরিক মহলের প্রবল প্রতিবাদে উত্তাল হয়েছিল রাজ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদের গতি কিছুটা স্তিমিত হলেও, নারকীয় ঘটনার পুনরাবৃত্তি থেমে থাকেনি। সদ্য এক আইন কলেজ ছাত্রীকে দলীয় মদতে নির্যাতনের অভিযোগ ফের তুলে দিয়েছে নানা প্রশ্ন।

এই প্রেক্ষিতে ফের পথে নামতে প্রস্তুত রায়গঞ্জবাসী। আগামী ২৬শে জুলাই বিকেলে চেম্বার অফ কমার্স (সুপার মার্কেট)-এর সভাগৃহে আয়োজিত হবে এক প্রস্তুতি সভা। উদ্যোক্তাদের পক্ষে ভাস্কর ভট্টাচার্য জানান, “আমাদের নীরবতা অপরাধীদের শক্তি বাড়ায়। অভয়ার পথ যেন আর কোনও সন্তানের রক্তে ভরে না ওঠে—এই দায়বোধ থেকেই আমরা প্রতিবাদে শান দিচ্ছি।” এই সভায় সমাজকর্মী, শিক্ষক, ছাত্র, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন স্তরের সচেতন মানুষদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

হাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনিরূদ্ধ সিনহা বলেন, “অভয়ার মতো একজন শিক্ষার্থীর মৃত্যু আমাদের ব্যর্থতা। শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ—সবাইকে এখন একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু শ্রদ্ধাজ্ঞাপন নয়, এই বর্ষপূর্তি হোক নতুন প্রতিবাদের সূচনা।” আয়োজকেরা জানিয়েছেন, ৯ই আগস্ট ‘অভয়া বার্ষিকী’ উপলক্ষে, অভয়ার জন্য সুবিচার এবং ভবিষ্যতের অভয়াদের সুরক্ষার জন্য আবার জেগে উঠছে রায়গঞ্জ।






