
ইটাহারঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শুক্রবার ইটাহারে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সচেতনতা শোভাযাত্রা। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করে ভাটিনগ্রাম M.N.I হাই মাদ্রাসা ও এলাকার স্বাস্থ্য দপ্তর।


এই দিনে মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি বের করা হয়, যা মাদ্রাসা চত্বর থেকে শুরু হয়ে ভাটিনগ্রামের বিভিন্ন পথ ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। হাতে প্ল্যাকার্ড নিয়ে ছাত্রছাত্রীরা “ছোট পরিবার, সুখী পরিবার”, “জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা চাই”–এর মতো বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পথচলতি জনজীবন।


এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা দেবশ্রী কর্মকার, স্বাস্থ্যকর্মী রেখা সরকার, সমাজকর্মী কামরুল হক সহ এলাকার একাধিক বিশিষ্ট জন।

প্রধান শিক্ষিকা দেবশ্রী কর্মকার জানান, “শিক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতেই আমরা এই ধরনের কর্মসূচির আয়োজন করি। জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের যুক্ত করতে পেরে আমরা গর্বিত।”
স্বাস্থ্যকর্মী রেখা সরকার বলেন, “যতদিন না সাধারণ মানুষ সঠিক তথ্য পাচ্ছেন, ততদিন জনসংখ্যা নিয়ন্ত্রণ কঠিন। সচেতনতা ও শিক্ষার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।”
গ্রামের সাধারণ মানুষ এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, শিক্ষাপ্রতিষ্ঠান যদি এমন সামাজিক বিষয়ে এগিয়ে আসে, তবে তা ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে।

