
চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরে আজ উদযাপিত হল এক ঐতিহাসিক মুহূর্ত, রায়গঞ্জ পৌরসভার ৭৫ তম প্রতিষ্ঠা দিবস। সকালে প্রভাতফেরী দিয়ে সূচনা হয় দিনভর অনুষ্ঠানের। শহরের নানা প্রান্ত থেকে মানুষ অংশ নেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ব্যান্ড বাজনার ছন্দ এবং আবেগমাখা উপস্থিতি।


১৯৫১ সালের ১৯ জুলাই যাত্রা শুরু করেছিল রায়গঞ্জ পৌরসভা। সেই দীর্ঘ পথচলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠান যেন এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী।


পৌরসভা প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমাশাসক কিংশুক মাইতি, পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি, চৈতালী ঘোষ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কোঅরডিনেটররা।

চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস বলেন, “এই বিশেষ দিনে আমরা সবাই নতুন করে শপথ নিয়েছি—পৌর নাগরিকদের প্রতি আমাদের দায়বদ্ধতা, সততা, নিষ্ঠা এবং মানবিকতার সঙ্গে পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার।”
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। শহরবাসীর অংশগ্রহণে এবং প্রশাসনিক কর্তাদের ঐকান্তিকতায় আজকের দিনটি হয়ে উঠল এক স্মরণীয় অধ্যায়।

