Explore

Search

July 6, 2026 10:31 am

IAS Coaching

শিক্ষকের অভাবে বন্ধ বিজ্ঞান বিভাগ, বিপাকে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরতলির ছত্রপুরে অবস্থিত নিউ ইন্টেগ্রেটেড গভর্নমেন্ট স্কুল (ইংরেজি মাধ্যম)–এ শিক্ষকের অভাবে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তিই নেওয়া যাচ্ছে না। রসায়নের কোনো শিক্ষক না থাকায়, বায়োলজি, পদার্থবিদ্যা ও অঙ্কের শিক্ষক থাকা সত্ত্বেও বিজ্ঞান বিভাগ কার্যত অচল। ফলে, এই সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরা ইচ্ছা থাকা সত্ত্বেও, এই স্কুলে বিজ্ঞান নিয়ে পড়তে পারছে না।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ইন্দ্রজিৎ পুরোহিত জানান, ২০১৫ সালে রাজ্য সরকারের উদ্যোগে স্থাপিত হয় এই ইংরেজি মাধ্যম স্কুল। ২০২১ সাল থেকে এই পর্যন্ত প্রতি বছর নিয়মিত মাধ্যমিক পাস করেছে যথাক্রমে ১৮, ১৭, ২২, ১৬ ও ৩৭ জন শিক্ষার্থী। একাদশ শ্রেণিতে কলা ও বিজ্ঞান দুটি বিভাগ থাকলেও, রসায়নের শিক্ষক না থাকায় বিজ্ঞান বিভাগে ভর্তি বন্ধ রয়েছে।

স্কুলের প্রাক্তন টিচার ইন-চার্জ তরুণ গায়েন জানান, “অনেক মেধাবী ছাত্রছাত্রী বাধ্য হয়ে দশম শ্রেণির পর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হচ্ছে। এতে তাঁদের পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে।”

এক অভিভাবক সুখদেব দেবনাথ বলেন, “সরকারি স্কুলে বিনামূল্যে মেয়েকে পড়িয়েছি। কিন্তু বিজ্ঞান বিভাগে ভর্তি না হওয়ায় শেষমেশ বেসরকারি স্কুলে পাঠাতে হয়েছে। একজন রসায়ন শিক্ষক কি সরকার দিতে পারে না?”

স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে রসায়নের শিক্ষক চেয়ে আবেদন জানালেও, এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। যেহেতু শিক্ষক নিয়োগ হয় পিএসসি-র মাধ্যমে, তাই জেলা প্রশাসনের হাতে সরাসরি কিছু নেই। তবে ছাত্রছাত্রীদের সমস্যার কথা আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি।”

এখন দেখার, কবে নাগাদ স্কুলটি রসায়নের শিক্ষক পায় এবং বিজ্ঞান বিভাগে স্বাভাবিকভাবে পাঠদান শুরু হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja