
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জীববৈচিত্র্যের সরল-সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব অনুধাবনে মালদা জেলার আদিনা ডিয়ার পার্ক ও সংলগ্ন এলাকা পরিদর্শন করল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। সম্প্রতি অনুষ্ঠিত এই শিক্ষা সফরে উপস্থিত ছিল সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্ররা। শিক্ষকদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিচরন সাহা, সহকারী শিক্ষক মনোজ কুমার সাহা, দেবাশিস মণ্ডল, প্রবীর পাল, অমরেশ মণ্ডল ও তৃষাঞ্জন বিশ্বাসের মত শিক্ষকেরা।

স্কুলের প্রধান শিক্ষক কালি বাবু বলেন, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের অর্থানুকূল্যে আয়োজিত এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল, ছাত্রছাত্রীদের মধ্যে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তাদের কৌতূহল ও সচেতনতা বাড়ানো। আদিনার বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ও প্রাকৃতিক উদ্যান ঘুরে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রজাতির পশু-পাখি ও উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়। শিক্ষকরা বিষয়ভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্রদের অবগত করেন।

স্কুলের সহ শিক্ষক মনোজ কুমার সাহা জানান, “শিক্ষার্থীরা বইয়ের পাতায় যেটুকু পড়ে, তা বাস্তবে দেখা ও অনুভব করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। এই সফর তাদের মনে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ জাগাতে সাহায্য করবে।” এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও। অনেকেই আশা প্রকাশ করেছেন, এমন শিক্ষামূলক সফর ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ছাত্রছাত্রীরা প্রকৃতি ও পরিবেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে।







