
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের গৌরি ও মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের মাঝে বিস্তীর্ণ নেহালি বিল এখন যেন এক রঙিন স্বপ্নলোক। বহুদিন পরে এবার বর্ষার শুরুতেই বিলের জলে ফুটেছে কয়েক লক্ষ সাদা ও দুধে আলতা রঙের পদ্মফুল। বিলের প্রান্ত থেকে প্রান্ত ছড়িয়ে থাকা এই অপূর্ব দৃশ্য দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করছেন অসংখ্য মানুষ।

স্থানীয় মানুষ জানাচ্ছেন, এক সময় এই নেহালি বিল পদ্ম ও শাপলা চাষের জন্য প্রসিদ্ধ ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে আবহাওয়া ও জলস্তরের কারণে সেভাবে ফুল ফুটছিল না। এ বছর বর্ষার শুরুতেই আশাতীতভাবে ফেঁটে উঠেছে লক্ষ লক্ষ পদ্ম। বিলের সৌন্দর্য ফের ফিরে এসেছে যেন আগের রূপে।

রায়গঞ্জ শহরের টেনোহরি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই বিল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নব কুমার রায় নামে এক পর্যটক বলেন, “ধর্মঘট থাকায় ভাবলাম প্রকৃতির সান্নিধ্যে একদিন কাটাই। তাই চলে এলাম নেহালি বিলে। অপূর্ব দৃশ্য! এতো পদ্ম একসাথে আগে কখনো দেখিনি। এখানে পদ্ম তুলতে কোনও বাধা নেই – একদম মুক্ত পরিবেশ।”

বিলের সৌন্দর্য উপভোগ করতে কেউ ছবি তুলছেন, কেউ আবার নৌকো করে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয় ছোট দোকানগুলোতেও দেখা গেছে জমজমাট বিকিকিনি। স্থানীয় বাসিন্দা বিকাশ দাসের দাবি, এই প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটনক্ষেত্র হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রচার হলে নেহালি বিল হয়ে উঠতে পারে উত্তর দিনাজপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।






