
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। ১৩০৫৩/৫৪ কুলিক এক্সপ্রেস ট্রেনে এবার যুক্ত হতে চলেছে একটি অতিরিক্ত এসি চেয়ার কার। এর সুবিধা পাবেন বহু সাধারণ মানুষ।

উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, গত ২১শে এপ্রিল ২০২৫ তারিখে উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে হাওড়া ডিআরএম-কে এক চিঠির মাধ্যমে কুলিক এক্সপ্রেসে অতিরিক্ত এসি চেয়ার কার ও এসি থ্রি-টিয়ার কোচ যুক্ত করার আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি, বিষয়টি দ্রুত কার্যকর করার অনুরোধ জানানো হয়েছিল রায়গঞ্জের মাননীয় সাংসদকেও।

অবশেষে সাংসদের সক্রিয় হস্তক্ষেপে এবং রেল বিভাগের অনুমোদনে আগামী ২রা সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৩০৫৩ আপ কুলিক এক্সপ্রেস ট্রেনে একটি অতিরিক্ত এসি চেয়ার কার যুক্ত করা হচ্ছে। ফলে, পরদিন অর্থাৎ ৩রা সেপ্টেম্বর ১৩০৫৪ ডাউন কুলিক এক্সপ্রেসেও যাত্রীরা এই অতিরিক্ত এসি চেয়ার কারের সুবিধা ভোগ করতে পারবেন। এতে কুলিক এক্সপ্রেসে এসি চেয়ার কারে সিট সংখ্যা এক ধাক্কায় ৪৭ থেকে ১০১টি হবে বলে জানালেন তিনি।

এই সিদ্ধান্তে খুশি রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলার বহু মানুষ। রেল পরামর্শ দাতা কমিটির সদস্য অতনু বন্ধু লাহিড়ী বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ কাজের প্রয়োজনে কুলিক এক্সপ্রেসে যাতায়াত করেন এবং এসি কোচের টিকিট অল্প সময়েই ফুরিয়ে যায়। অতিরিক্ত এসি চেয়ার কার যুক্ত হওয়ায় যাত্রী ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। রেল উন্নয়ন মঞ্চের এক সদস্য বলেন, “এই সাফল্যের পেছনে সাংসদের অবদান অনস্বীকার্য। আমরা আশা করছি, শীঘ্রই অতিরিক্ত এসি থ্রি-টিয়ার কোচও যুক্ত হবে কুলিক এক্সপ্রেসে।”






