
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেবাগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হল কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও একগুচ্ছ উন্নয়নমূলক কাজের সূচনা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। তিনি উপস্থিত থেকে বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও উপহার তুলে দেন। পাশাপাশি নবনির্মিত বিদ্যালয় গেট, পরিচালন সমিতির বৈঠক কক্ষ ও একটি মডেল ক্লাসরুমের শুভ উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, “সেবাগ্রাম বিদ্যালয়ের শিক্ষার ঐতিহ্য গর্ব করার মতো। এখানকার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে রাজ্যের উজ্জ্বল মুখ হয়ে উঠবে। শুধু পাঠ্যপুস্তকনির্ভর নয়, পরিকাঠামোগত উন্নয়নও শিক্ষার মান বৃদ্ধিতে সমান গুরুত্বপূর্ণ।”

বিদ্যালয়ের শিক্ষিকা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনামিকা বর্মন জানান, শিক্ষার মানোন্নয়নে আরও কিছু নতুন উদ্যোগও নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য সেবামূলক প্রকল্প এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অল রশিদ, পরিচালন সমিতির সভাপতি নুরুল ইসলাম, তরুন কুমার রায় সহ শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, সেবাগ্রাম উচ্চ বিদ্যালয় উত্তর দিনাজপুরের অন্যতম প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়, যেটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।






