
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ চক্রের অন্তর্গত গুঠিন গ্রামের গুঠিন জুনিয়ার বেসিক স্কুলে বৃহস্পতিবার এক গৌরবময় মুহূর্তে সূচনা হলো নতুন স্মার্ট ক্লাসের। বিদ্যালয়ের কম্পোজিট গ্র্যান্টের সঙ্গে শিক্ষকদের ব্যক্তিগত আর্থিক অনুদান মিশে তৈরি হলো এই আধুনিক শ্রেণীকক্ষ। আর এই স্মার্ট ক্লাস উদ্বোধন করলেন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নূরনিহার বেগম।

এই মুহূর্তে বিদ্যালয়ে ১৫৯ জন ছাত্রছাত্রী পাঠরত এবং ৫ জন নিয়মিত শিক্ষক ছাড়াও রয়েছেন এক জন পার্শ্ব শিক্ষিকা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে পড়াশোনার সুযোগ তৈরি হওয়ায় খুশি শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ দত্ত বলেন, “এই স্মার্ট ক্লাস চালু হওয়ায় পড়াশোনায় নতুন দিগন্ত খুলবে। আমরা চেয়েছিলাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের আরও আগ্রহী করে তোলা। তারই বাস্তব রূপ আজকের এই উদ্বোধন।”

স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ প্রমাণ করে, শিক্ষকরা শুধুমাত্র পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবেও তাঁরা নিজেরা প্রতিনিয়ত এগিয়ে আসছেন। আর্থিক সহযোগিতা করে তাঁরা এই বার্তাই দিলেন—বিদ্যালয় মানেই শুধুমাত্র সরকারিভাবে নয়, একান্তভাবে ‘আমার বিদ্যালয়’।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চোখেমুখেও ছিল খুশির ঝিলিক। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে চলেছে তাদের পড়াশোনার ধরন। এলাকাবাসী এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়ে আরও বিদ্যালয়ে এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক, এমনই আশাবাদী।






