
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অমর ২১শে জুলাই শহিদ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই রায়গঞ্জে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এদিন সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের প্রায় ৫০ জনের অধিক শিক্ষক-শিক্ষিকা।

সভায় স্বাগত বক্তব্যে আয়োজক স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত বলেন, “২১শে জুলাই শুধু একটা দিন নয়, আমাদের সংগ্রামের ইতিহাসের প্রতীক। শিক্ষকদেরও সেই আন্দোলনের সঙ্গে সামিল হতে হবে।” মোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অমল বিশ্বাস জানান, “আজকের প্রজন্মকে ২১শে জুলাইয়ের তাৎপর্য বোঝাতে আমাদের এগিয়ে আসতেই হবে।”

দেশবন্ধু গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পামেলা দাস বলেন, “শিক্ষকদের অংশগ্রহণের ফলেই আগামী দিনে আমাদের শিক্ষানীতির উপর বড় প্রভাব ফেলবে। তাই একজোট হয়ে ২১শে জুলাইকে সফল করাই আমাদের লক্ষ্য।” সভাপতিত্ব করেন জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. ভাস্কর দত্ত। তিনি বলেন, “২১শে জুলাইয়ের শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিক্ষক সমাজের দাবি-দাওয়ার কথা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার এ এক বড় মঞ্চ।”

সভায় রাজ্য নেতৃত্ব প্রনব বর্মন, ব্যোমকেশ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিজয় সিংহ, প্রদ্যোৎ দাস, সুকোমল দেবনাথ, তামিম সরেন, কৌশিক বাগচী, দিপীকা দত্ত, জগন্নাথ সাহা, সঞ্জয় দাস, ড. নীলাঞ্জন ঘোষ সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিরা। সভা শেষে শিক্ষকরা শহিদ দিবসের কর্মসূচিকে সফল করে তোলার শপথ নেন।






