
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শনিবার বিকেলে রায়গঞ্জের ইন্দ্রপ্রস্থ ভবনে অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার একমাত্র প্রকৃতি প্রেমী পাহাড়ি সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের ৪০তম সাধারণ সভা। এতে সব ধরনের প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় পদার্থ বর্জনের ডাক দিয়ে শপথ নিলেন সংগঠনের বেশ কিছু সদস্য। এমন উদ্যোগের প্রশংসা করেছেন সমাজকর্মীরাও।

সংগঠনের সম্পাদক পার্থ পাল বলেন, ১৯৮৫ সালে আমাদের সংস্থা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে জেলা তথা জেলার বাইরে পাহাড় ও প্রকৃতি নিয়ে নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। আজকের এই সাধারণ সভার মধ্যে দিয়ে সংগঠনের নতুন পরিচালনা সমিতির গঠন হবে এবং আগামী দিনের পাহাড় প্রকৃতি নিয়ে কাজ করার সুযোগ তৈরি করবে।

এদিন প্লাস্টিক বর্জনের শপথ নেন সংগঠনের সদস্য কৌশিক ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, মনোতোষ বিশ্বাস, মনিদীপা সেন সহ আরও কয়েকজন সদস্য। কৌশিক বাবু বলেন, আমাদের সংগঠন এটা ভীষণ ভালো উদ্যোগ নিয়েছে। প্লাস্টিকের মত ক্ষতিকর পদার্থের প্রভাব আমাদের সমাজে ভীষণ ভাবে পড়েছে। একে বর্জন করা আবশ্যক। তাই এদিন এই প্রস্তাবে আমি স্বাক্ষর করে সহমত পোষণ করলাম।







