
#মালবাজার: রাতেরবেলা আচমকা আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ির শোয়ার ঘর সহ জরুরী সকল প্রকার কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী। সোমবার রাত্র ঘটনাটি ঘটেছে মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের কালাগাইতি বস্তি এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় আনুমানিক রাত ৯ টায় কালা গাইতি গ্রামের বাসিন্দা লীলা ছেত্রীর একমাত্র শোয়ার ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়।

লীলা ছেত্রী তারা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায়। গ্রামবাসীরা আগুন জ্বলতে দেখে তৎক্ষণাৎ ছুটে আসে এবং সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের দাবাদাহ এতটাই বড় ছিল যে কাছে যাওয়া সকলের ক্ষেত্রে অসম্ভব ছিল তবুও গ্রামবাসীরা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এছাড়াও গ্রামবাসীরা তৎক্ষণাৎ মালবাজার ফায়ার ব্রিগেডকে খবর দেন পরবর্তীতে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আসার আগেই ঘরের ভিতরে থাকা জরুরি কাগজপত্র সহ বিভিন্ন আসবাবপত্র এবং জমানো কিছু টাকা পয়সা সবকিছুই জ্বলে ছারখার হয়ে যায়। কোন কিছুই বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ শর্মা জানান, সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে লেগেছে আমরা ইলেক্ট্রিক ডিপার্টমেন্ট কে বার বার ফোন করি তবে তারা ঘটনাস্থলে এখনো পর্যন্ত আসেনি।

লীলা ছেত্রী জানান আমার সবকিছুই আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল যদি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করে তবে আমি অনেকটাই উপকৃত হব। মালের দমকল বিভাগের আধিকারিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা হয়ে এসেছি। দুরত্ব বেশি থাকায় আসতে সময় লেগেছে। তার আগেই স্থানীয় লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। এখন আগুন নিভে গেছে। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।






