
#রায়গঞ্জ: বাৎসল্য প্রেম সন্তান প্রতিপালনে সবচেয়ে প্রধান উপাদান। সে শুধু নিজের সন্তানই নয়, অপরের সন্তানের প্রতি সমদৃষ্টি,সমভাবনা রাখা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এই সংস্কৃতির ধারাকেই অব্যাহত রাখতে এবং তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল সারদা বিদ্যামন্দির ইংরাজী মাধ্যম বিদ্যালয়। মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘মাতৃ স্নেহ ভোজন অনুষ্ঠান’।

বিদ্যাভারতীর গাইডলাইন অনুযায়ী আয়োজিত এই কর্মসূচিতে একটি বিভাগের শিক্ষার্থীদের অপর একটি বিভাগের শিক্ষার্থীদের মায়েরা নিজে হাতে খাইয়ে দিল লুচি ও পায়েস। সুশৃংখলভাবে বসে তাদের সহপাঠীর মায়েদের হাত থেকে খাবার খেয়ে যথেষ্টই খুশি ও পরিতৃপ্ত শিক্ষার্থীরা। কোথাও বা এই মায়ের দায়িত্বটাই পালন করলেন বিদ্যালয়ের শিক্ষিকারাই।

শিশুরাও পরম স্নেহে খাইয়ে দিলো শিক্ষিকাদের। মায়েদের কথায় এতে যেমন মা ও সন্তানের মধ্যে ভালোবাসা বাড়বে তেমনি শিক্ষকদের সঙ্গেও শিক্ষার্থীদের সম্পর্ক মজবুত হবে। বিদ্যালয়ের সম্পাদক প্রদীপ দত্ত জানালেন প্রথমবারের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজন করতে পেরে যথেষ্টই আনন্দিত সারদা বিদ্যামন্দির কর্তৃপক্ষ।







