
#রায়গঞ্জ: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা প্রায়শই নজরে আসে আমাদের। এই সকল মৃত্যুর অন্যতম প্রধান কারণ অগ্নিদগ্ধ ক্ষতস্থানে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ। আর এই জীবাণু সংক্রমণ সাধারণ ব্যান্ডেজ দিয়ে প্রতিহত করা সম্ভব নয়। এবার এই বিষয়ের উপরে গবেষণা করে বিশেষ সাফল্য অর্জন করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের একদল গবেষক পড়ুয়া।

পৌলমী দাম, ঋত্বিক মন্ডলরা গবেষণার মাধ্যমে রেশমগুটি থেকে এক বিশেষ ধরনের সংক্রমণ প্রতিরোধী ব্যান্ডেজ আবিষ্কারের দাবী জানালেন। ইতিমধ্যেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত একটি পেটেন্ট ফাইল করা হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে।

পড়ুয়া গবেষক পৌলমী দাম জানান, রেশমগুটির সাথে সিলভার ন্যানো পার্টিকল সহযোগে তৈরী এই বিশেষ প্রকার ব্যান্ডেজে অগ্নিদগ্ধ ক্ষতস্থানে একদিকে যেমন সংক্রমণ আটকাবে আবার অন্যদিকে দ্রুত ক্ষত সারিয়ে তুলবে। বিভাগীয় অধ্যাপক ড: অমিত মন্ডল জানান,স্বল্প পরিকাঠামোর মধ্যে থেকেও এইধরনের সাফল্য সত্যিই প্রশংসনীয়। তবে, সমস্ত ট্রায়াল শেষে বাণিজ্যিক ভাবে বাজারে এলে তবেই পূর্ন সফলতা মিলবে।







