
#রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীদের বিক্ষোভ আন্দোলন শুক্রবার অষ্টম দিনে পড়ল। টানা ৭ দিন ধরে সরকারি নির্দেশ মেনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এবং তৃণমূল সংগঠনের শিক্ষাকর্মীদের ওপর পেশাগত আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সারা বাংলা তৃণমূল শিক্ষা কর্মী সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার এই আন্দোলনে তাদের সঙ্গে যোগদান সংগঠনের রাজ্য নেতৃত্ব।

এই উদ্দেশ্যে রায়গঞ্জে উপস্থিত হন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সহ-সভাপতি সৌমেন চক্রবর্তী , শুভায়ু দাস, রাজ্য কমিটির সদস্য বিজয় গুপ্ত প্রমুখ। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে দেখা করেন রাজ্য নেতৃত্ব। তারা দাবি জানান যেহেতু আগামী ২২শে আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে সেইহেতু এই অচল অবস্থা কাটাতে অবিলম্বে পদক্ষেপ করুক উপাচার্য।

সেই সঙ্গে কর্মচারী সংগঠনের বরখাস্ত নেতা তপন নাগকে পুনরায় তার কর্ম ক্ষেত্রে বহাল করার আবেদনও জানান তারা। যদিও উপাচার্য কে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান সমস্তটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে করা হবে।







