
#মালবাজার: বিদ্যুৎ ও ভূমি দুই দফতরে পরপর মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। মঙ্গলবার বিকেলে মালবাজার শহরের বিদ্যুৎ বন্টন বিভাগের বিভাগীয় দফতরে যান বিজেপির মালবাজার বিধানসভার নেতৃত্ব ও কর্মীরা। অবিলম্বে বিদ্যুৎ মাসুল কমাবার পাশাপাশি বিদ্যুৎ বিল ত্রৈমাসিকের পরিবর্তে মাসিকভাবে দেওয়ার দাবি করেন তারা।

এরপর সেখান থেকে মিছিল নিয়ে সরাসরি পৌঁছে যান মালবাজারের ভূমি ও ভূমি সংস্কার দফতরে। সেখানে তারা জমির চরিত্র বদল করা হচ্ছে বলে অভিযোগ করেন একই সঙ্গে জলা জমি ভরাটের অভিযোগ করা হয়। বিজেপির মালবাজার বিধানসভার আহবায়ক রাকেশ নন্দী সহ টাউন মন্ডলের সভাপতি নবীন সাহা, উত্তর মন্ডল সভাপতি প্রকাশ তির্কি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আহ্বায়ক রাকেশ নন্দী বলেন, আজ আমরা বিদ্যুৎ বিলের যে নতুন টেরিফ দিয়েছে তা হ্রাস ও মাসিক বিল প্রদানের দাবি তিনটি দাবি সনদ প্রদান করেছি। পাশাপাশি ভুমিরাজস্ব দপ্তরে জলাভুমি ভরাট করে নির্মাণ, সরকারি জমিতে অবৈধ দখল সহ ৪ দফা দাবি সনদ দিয়েছি।







