
#নিউজ বৃত্তান্ত: চাইল্ড কেয়ার লিভ। সাধারণত মহিলারাই এই ছুটি পান। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সোমবার এনিয়ে যুগান্তকারী নির্দেশ দিয়েছেন। এক শিক্ষকের দায়ের করা মামলায় তিনি জানিয়ে দিয়েছেন, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। পুরুষরাও যাতে মহিলাদের মতো সমান ছুটি নিতে পারেন তার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সাধারণত নিয়ম অনুসারে কর্মরত মহিলারা এই চাইল্ড কেয়ার লিভ পান। পুরুষরা এই রাজ্যে অন্তত ৩০দিন চাইল্ড কেয়ার লিভ পান। এর থেকে বেশি ছুটি নিলে বেতন কাটা যায় শিক্ষকদের। এবার সরকারি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন এক শিক্ষক। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, সন্তান পালনের জন্য মায়ের মতোই বাবারও সমান দায়িত্ব থাকে।

সেক্ষেত্রে ছুটির ক্ষেত্রে কেন তারা বঞ্চিত হবেন? তাঁদেরও সমান ছুটি পাওয়া উচিত বলে জানিয়েছে আদালত। এদিকে পুরুষদের চাইল্ড কেয়ার লিভ প্রসঙ্গে আদালত জানিয়েছে, রাজ্যকে এব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই নির্দেশ কার্যকরী করতে নির্দেশ দেওয়া হয়েছে।







