
#রায়গঞ্জ: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিগত কয়েকমাস ধরে ঘটে চলা সামাজিক রাজনৈতিক পরিস্থিতি এবং অকস্মাৎ পট পরিবর্তনের ঘটনা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে সামনে এসেছে। এতে করে হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচার, বিভিন্ন মন্দির ভাঙ্গা, অগ্নি সংযোগ ঘটানোর ঘটনা কে ধিক্কার জানিয়ে বুধবার দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ, উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে তাদের সভাকক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

তাদের অভিযোগ ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের পথসভা ও জনসভায় একাধিকবার ভারত বিরোধী স্লোগান ও প্রচ্ছন্ন হুমকি এই আন্দোলনের প্রকৃত স্বরূপ সম্পর্কে দ্বিধাগ্রস্থ করেছে তাদের। এই পরিস্থিতিতে তারা বাংলাদেশ এবং সীমান্তবর্তী ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন রাখেন সমাজ ও প্রশাসনের কাছে।

সংগঠনের কর্মকর্তা দের দাবি বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের তথা হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান দের প্রাণ, সম্পদ ও সম্মানের সুরক্ষা ও প্রতিপালন সুনিশ্চিত করতে হবে। এমনকি বাংলাদেশ থেকে হিন্দুরা এদেশে নিজেদের প্রাণ বাঁচাতে এলে কিছু জটিল সমস্যার উৎপত্তি হবে স্বীকার করে নিয়েও তারা জানান সরকারের কাছে আর্জি রাখবেন যাতে তাদের এদেশে থাকতে দেওয়া হয়।







