
#রায়গঞ্জ: অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষাকর্মী তপন কুমার নাগ। তিনি সারাবাংলা শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি পদেও বর্তমানে আসীন। কেন তাকে সাসপেন্ড করা হল জানতে চাইলে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান গতকাল তাকে সাসপেনশন লেটার ধরানো হয় এবং আজ থেকে তা কার্যকর করা হয়েছে।

বিগত দিনে তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন, এমনকি বিভিন্ন জায়গা থেকে তার নামে একাধিক অভিযোগ বারে বারে এসেছে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি আরো বলেন কিছুদিন আগে তপন বাবু চাকরি হারানো সিকিউরিটি কর্মীদের পাশে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন যা বিশ্ব বিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশের পরিপন্থী।

এসব কারণে তাকে কারণ দর্শাতে বলা হলে তিনি সেটিকে আমল দেননি। ফলস্বরূপ তাকে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এমনকি এই বিষয়ে বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। সাসপেন্ড হওয়া কর্মী তপন কুমার নাগ এবিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি।






