
#মালবাজার: গভীর রাতে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। গুরুতর আহত হলো মৃত ব্যক্তির স্ত্রী। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায়।মৃত ব্যক্তির নাম বাবলু ওরাওঁ( ৫৯)।আহত মহিলার নাম লাচ্ছো ওরাও (৪৬)।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার গভীর রাতে ধুপঝোড়া পর্যটন ক্ষেত্র সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায় হানা দেয়।

ওই সময় নিজের ঘরে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বাবলু ও তার স্ত্রী। হাতিটি এসে ঘরের পিছন দিকের বেরা ভেঙ্গে বাবলুকে শুর দিয়ে টেনে বাইরে বের করে। এদিকে ঘরের বেরা ও কাঠের খুটি চাপা পড়ে গুরুতর আহত হয় বাবলুর স্ত্রী। হাতিটি বাবলুকে বাইরে বের করে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় জনগণ টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি ফের ওই এলাকা থেকে চলে যায়। ঘটনার খবর পেয়ে রাত্রেই এলাকায় আসে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা।

আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তির দেহ চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ সহ যাবতীয় সুযোগ-সুবিধা পাবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

মেটেলি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। উল্লেখ্য, প্রায় প্রতিদিন হাতির হানার ঘটনা ঘটতে থাকায় মানুষ আতংকের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে মেটেলি ব্লকের ধুপঝোড়া, মঙ্গলবাড়ি বস্তি সব কয়েকটি এলাকায়।






