
#মালবাজার: আবারও চা বাগানের মাঝে ধরা পড়লো এক স্ত্রী চিতাবাঘ। এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে। ডুয়ার্সের চাবাগান গুলিতে কমবেশি চিতাবাঘের উপদ্রব রয়েছে। মাঝেমধ্যে শ্রমিক মহল্লায় এসে হানা দিয়ে ছাগল, শুয়োর নিয়ে যায়। এই রকম ভাবে বাতাবাড়ি চাবাগানেও চিতাবাঘের উপদ্রব চলছিল।

স্থানীয়দের দাবীতে বনকর্মীরা কয়েক দিন আগে চাবাগানের ৫ নম্বর সেকসনে খাঁচা পাতে। রবিবার ভোরে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে বনদপ্তরের পাতা খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ। খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমে যায়।

খবর পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মী এসে ওই চিতাবাঘটিকে নিয়ে যায়। বনকর্মীদের সুত্রে জানাগেছে, ওটি স্ত্রী চিতাবাঘ। সুস্থ আছে, প্রাথমিক পর্যবেক্ষণের পর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। চাবাগানের শ্রমিকরা জানায়, ওই চাবাগানে আরও চিতাবাঘ রয়েছে।






