

#মালবাজার: ডুয়ার্সের চাবাগান গুলিতে চিতাবাঘের বসত গড়ে উঠেছে। প্রায় প্রতিটি চাবাগানে কমবেশি এই চার পায়ের হিংস্র প্রানীর দেখা পাওয়া যায়। কোথাও আবার মানুষের বাড়িতে হানা দিয়ে ছাগল কিম্বা শুয়োর নিয়ে যায়। এই একটি চা বাগানের নাম মেটেলি।
পাঁচ দিনের ব্যবধানে এই মেটেলি চা বাগানে ফের খাঁচাবন্দি হল আরো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগানের ছোটা কোঠি লাইন শ্রমিক মহল্লার ২২ নম্বর সেকশনে বনদপ্তরের বসানো খাঁচায় একটি চিতাবাঘটি ধরা পড়ে। ওই চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার পরেও চিতা বাঘের হানা অব্যাহত ছিল বাগানে। সন্ধ্যার পরেই চা বাগান থেকে চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল, মুরগী, শুকর সাবার করতো। পরিস্থিতি বুঝে শুক্রবার মেটেলি চা বাগানের ২২ নম্বর সেকশনের মালার লাইন শ্রমিক মহল্লা সংলগ্ন এলাকায় বনদপ্তরের তরফে ফের খাঁচা বসানো হয়।

তিন দিনের মাথায় সোমবার রাতে ওই খাঁচায় খাচা বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্থানীয় জনগণ রাত্রে চিতা বাঘের গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে ওই চিতা বাঘ খাঁচা বন্দী হয়ে ঘোরাঘুরি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের। রাত্রেই বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সুত্রে জানাগেছে, চিতাবাঘটি গভীর বনে ছেড়ে দেওয়া হয়েছে।






