

#মালবাজার: পরপর চুরির ঘটনায় মালবাজার শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্বিগ্ন হয়ে পড়েছে শহরের বাসিন্দারা। যদিও প্রতিটি ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। জানাগেছে, মালবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডে উত্তর কলোনির রাজাপাড়া সংলগ্ন এলাকায় থাকেন পেশায় ঔষধ ব্যবসায়ী কৃষ্ণদেব রায়। বাজার রোডে তার ঔষধের দোকান রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী বাড়িতে তালা লাগিয়ে স্বামীকে সাহায্য করতে অন্যান্য দিনের মতো ঔষধের দোকানে যান। সেই সুযোগে চোরের দল জানালার গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার দামী অলংকার ও নগদ ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দাস ও মাল থানার পুলিশ। নারায়ণ দাস বলেন, এটা বড় মারাত্মক ঘটনা। এভাবে ভর সন্ধ্যায় চুরি মানুষের মধ্যে উদ্বেগ বাড়াবে। পুলিশকে বলব দ্রুত ব্যবস্থা নিক।
কৃষ্ণবাবু জানান, সন্ধ্যা পোনে সাতটা নাগাদ স্ত্রী দোকানে যায়। তারপর এই ঘটনা ঘটেছে। বাড়ি এসে দেখি সব লণ্ডভণ্ড। প্রায় ১৫ লক্ষ টাকার গহনা ও নগদ ৩ লক্ষ টাকা নিয়ে গেছে।

উল্লেখ্য একদিন আগেই ওই এলাকায় আর এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর আগেও চুরির ঘটনা ঘটেছে। পরপর দুই সন্ধ্যায় চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে পরপর চুরির ঘটনায় অনেকেই উদ্বিগ্ন।
পুলিশ সুত্রে জানাগেছে, তদন্ত শুরু হয়েছে, দ্রুত কিনারা করা হবে।




