Explore

Search

November 25, 2026 7:39 pm

IAS Coaching

ঐতিহাসিক জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে টিকে রইল ইস্টবেঙ্গল, আল হুসেইনকে হারাল লাল-হলুদ

জিয়াকসনের ৮৭ মিনিটের গোলে জর্ডানের ক্লাবের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়; নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নতুন করে আশার আলো

#আনন্দ ব্যানার্জী, কলকাতা: শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াইয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে নিজেদের লড়াই জিইয়ে রাখল ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানের আল হুসেইন এসসিকে ১-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন জিয়াকসন সিং থৌনাওজাম।

২০২৪-২৫ মরশুমে প্রতিযোগিতার নাম পরিবর্তন করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় ক্লাব এই প্রতিযোগিতায় জয়ের নজির গড়ল। এই জয়ের ফলে গ্রুপ ডি-তে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। সমান পাঁচ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গেই রয়েছে জর্ডানের আল হুসেইন। ফলে গ্রুপ থেকে দ্বিতীয় নকআউট পর্বের স্থান দখলের লড়াই আরও জমে উঠল। ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে ইরাকের আল শর্টা এসসি।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম দশ মিনিটের মধ্যেই গোলের সুযোগ তৈরি হয় দু’পক্ষের সামনে। আল হুসেইনের মাহমুদ আল মার্দির একটি ভারী টাচে বল পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে, ইস্টবেঙ্গলের ক্রিস ইকোনোমিডিসের হাফ-ভলি দুর্দান্ত দক্ষতায় আটকে দেন আল হুসেইন গোলরক্ষক মাহমুদ আল কাওয়ামলেহ।

১৩ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল জর্ডানের দল। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে এসে ইস্টবেঙ্গল গোলরক্ষক ফুরবা লাচেনপাকে কাটিয়ে গেলেও ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হন আরেফ আল হাজ। অতিরিক্ত সময় নেওয়ার খেসারত দিতে হয় তাঁকে। তাঁর শট অল্পের জন্য বাঁদিকের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৪ মিনিটে আহমেদ আসাফের গোললাইন থেকে নেওয়া কঠিন শট আটকে দেন লাচেনপা। অন্যদিকে, ডেভিড লালহ্লানসাঙ্গার নেওয়া শটে যথেষ্ট গতি না থাকায় সহজেই তা নিয়ন্ত্রণে আনেন আল হুসেইনের গোলরক্ষক।

 

৩৩ মিনিটে দুর্দান্ত একটি সেভ করে ইস্টবেঙ্গলকে বিপদের হাত থেকে রক্ষা করেন লাচেনপা। প্রায় ২০ গজ দূর থেকে মহম্মদ রায়হির জোরালো শট আঙুলের ডগায় বল ঠেলে বাইরে পাঠিয়ে দেন তিনি। এরপর আল মার্দির বিপজ্জনক কর্নার পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষদিকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন রায়হি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় ওঠে। ৪৯ মিনিটে আরেফ আল হাজের শট পোস্টে লেগে ফিরে আসে। তার ঠিক এক মিনিট পরেই পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গলের দানি রামিরেজের শটও কাঠামোয় বাধা পায়। ৫৩ মিনিটে ফের আল হাজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারছিল না কোনও দলই।

৬৫ মিনিটে ইউসুফ কাশির দূরপাল্লার শট বাম পোস্টে লেগে ফিরে আসায় আবারও রক্ষা পায় ইস্টবেঙ্গল। ৭৭ মিনিটে আল মার্দির বাঁদিক থেকে নেওয়া জোরালো শট দুর্দান্তভাবে প্রতিহত করেন লাচেনপা। অন্যদিকে, ইস্টবেঙ্গল অধিনায়ক ও মিডফিল্ডার মহম্মদ রশিদের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

অবশেষে ৮৭ মিনিটে আসে সেই বহুপ্রতীক্ষিত মুহূর্ত। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ডেভিড লালহ্লানসাঙ্গার বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে বল পান জিয়াকসন সিং। ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণে এনে দুরন্ত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাঁর সেই গোলেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।

 

এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল হল লাল-হলুদের। আগামী ৮ ডিসেম্বর প্রতিযোগিতার শেষ ম্যাচে ইরাকের বাগদাদে আল শর্টার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জয় পেলেই, অন্য ম্যাচে আল শর্টা আল সিবকে হারালে, রাউন্ড অফ সিক্সটিনে জায়গা নিশ্চিত করতে পারবে কলকাতার ক্লাবটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja