Explore

Search

November 3, 2026 11:07 am

IAS Coaching

কলকাতায় মশাল গার্লসদের দাপট, হো চি মিন সিটিকে হারিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

#আনন্দ ব্যানার্জী, কলকাতা: এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭-এর গ্রুপ ‘বি’-তে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। রবিবার, ১ নভেম্বর কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিয়েতনামের হো চি মিন সিটি উইমেনস এফসিকে ২-১ গোলে পরাজিত করল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের জয়ের নায়িকা উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট, যাঁর জোড়া গোলে নিশ্চিত হল তিন পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধেই নিজের জাত চেনান ফাজিলা। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে রিয়েলি চেসনার হাতে বল লাগলে ফুটবল ভিডিও সাপোর্টের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ইকওয়াপুট। এরপর ৩৪ মিনিটে দুরন্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়িয়ে দেন উগান্ডার এই তারকা স্ট্রাইকার।

এই জয়ের মাধ্যমে ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল ইস্টবেঙ্গল। প্রথমবারের মতো ভারতের মাটিতে অনুষ্ঠিত হল এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। পাশাপাশি, গত মরশুমে ইরানের বাম খাতুন এফসিকে হারানোর পর এবার হো চি মিন সিটিকে পরাজিত করে প্রতিযোগিতার গ্রুপ পর্বে একাধিক জয় পাওয়া প্রথম দল হওয়ার কৃতিত্বও অর্জন করল লাল-হলুদ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ভিয়েতনামের এনগো থি হং নুংয়ের ভলি ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে, কাছ থেকে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রেস্টি নাজিরি। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল। ২৮ মিনিটে অলিভিয়া আনোকয়ের দূরপাল্লার জোরালো শট ক্রসবারের ওপরের অংশে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে হো চি মিন সিটি। ৬০ মিনিটে ট্রান থি থু জুয়ানের ফ্রি-কিক থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে দাউ গুয়েন কুইন আন সাহসী হেডারে ব্যবধান কমান। গোলের পর সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের ঝড় তোলে ভিয়েতনামের দলটি।

তবে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দৃঢ়তা তাদের সেই লক্ষ্য পূরণ করতে দেয়নি। ৭৪ মিনিটে অলিভিয়া আনোকয়ের পাস থেকে ফাজিলা ইকওয়াপুটের সামনে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কু থি হুয়েন নুর দুরন্ত স্লাইডিং ব্লক ইস্টবেঙ্গলের তৃতীয় গোলের সম্ভাবনা নস্যাৎ করে দেয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে মশাল গার্লসরা।

বর্তমান ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবার পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার হোয়াচন কেএসপিও ডব্লিউএফসির। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। দিনের অন্য খেলায় উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির কাছে ১-২ গোলে হেরেছে হোয়াচন। গ্রুপের শীর্ষ দুই দল এবং তিনটি গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja