Explore

Search

September 16, 2026 3:47 pm

IAS Coaching

রায়গঞ্জের আকাশে বিরল দৃশ্য, চাঁদের গায়ে যেন স্পর্শ শুক্রগ্রহের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সন্ধ্যার আকাশে চোখ আটকে গেল রায়গঞ্জবাসীর। চাঁদের একেবারে গা ঘেঁষে উজ্জ্বল এক মহাজাগতিক বস্তুকে দেখে মুহূর্তেই শহরজুড়ে ছড়িয়ে পড়ল কৌতূহল। কেউ ক্যামেরা নিয়ে, কেউ স্মার্টফোন হাতে ছুটলেন বাড়ির ছাদে কিংবা রাস্তায়। বয়সের কোনও সীমা নেই—৮ থেকে ৮০, সকলেই মুগ্ধ হয়ে দেখলেন আকাশের এই আকর্ষণীয় দৃশ্য।

চাঁদের পাশে থাকা উজ্জ্বল বস্তুটি আদতে কী, তা নিয়েও শুরু হয় নানা জল্পনা। তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রাক্তন জেলা সম্পাদক অঞ্জন মজুমদার। তাঁর দাবি, চাঁদের সঙ্গে লেগে থাকা উজ্জ্বল মহাজাগতিক বস্তুটি শুক্রগ্রহ।

অঞ্জন মজুমদার জানান, এই সময় শুক্রগ্রহ তার একটি নির্দিষ্ট কলাদশায় রয়েছে। খালি চোখেও চাঁদের কাছাকাছি অত্যন্ত উজ্জ্বল বিন্দু হিসেবে শুক্রগ্রহকে দেখা যাচ্ছে। টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করলে শুক্রগ্রহের অবস্থান ও আকৃতির বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা সম্ভব।

আকাশে চাঁদ ও শুক্রগ্রহের এমন কাছাকাছি অবস্থানকে ঘিরে রায়গঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই দৃশ্যের ছবি। অনেকেই নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দি করেন রাতের আকাশের এই মনোমুগ্ধকর মুহূর্ত।

তবে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় চাঁদ ও শুক্রগ্রহ বাস্তবে একে অপরকে স্পর্শ করেনি। পৃথিবী থেকে দেখার সময় একই দৃষ্টিরেখায় খুব কাছাকাছি অবস্থান করায় এমন মনে হয়েছে। এই ধরনের ঘটনাকে আকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে অত্যন্ত আকর্ষণীয় দৃশ্য হিসেবে দেখা হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja