
ইসলামপুরঃ ফ্ল্যাটবাড়ি থেকে জমি, আসবাবপত্র থেকে প্রসাধন দ্রব্য কেনার ক্ষেত্রে প্রতারণার অভিযোগ প্রায়ই ওঠে। রাজ্য সরকারের তরফে সেইসব অভিযোগের সুরাহা করে থাকে ক্রেতা সুরক্ষা দফতর। তবে শুধুমাত্র অভিযোগ নিষ্পত্তিই নয়, আগামী প্রজন্মকে সচেতন করতেও এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতর।


প্রশাসনের তরফে জানানো হয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে ভবিষ্যতের প্রজন্ম সচেতন থাকে এবং কোনও ভাবেই প্রতারিত না হয়, সেই লক্ষ্য নিয়েই স্কুলে স্কুলে গিয়ে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে ইসলামপুরের রামগঞ্জ গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির।


এদিন উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপভোক্তা কল্যাণ আধিকারিক সন্দীপ রোশন ডেমটা ছাত্রছাত্রীদের হাতে-কলমে শেখান— কীভাবে সচেতন ক্রেতা হওয়া যায়, কেনার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে এবং প্রতারণার শিকার হলে কীভাবে অভিযোগ জানাতে হয়।


বিদ্যালয়ের ছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে তারা বাস্তব জীবনে আরও সাবধানী ও সচেতন হতে পারবে।
দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দিনে জেলার অন্যান্য বিদ্যালয়েও এ ধরনের কর্মসূচি চলবে। প্রশাসনের আশা, সচেতনতার এই উদ্যোগ ভবিষ্যতে প্রতারণা রুখতে কার্যকর ভূমিকা নেবে।

