
#মালবাজার: আগামী ৯ জুলাই কর্মবিরতি পালন করা, সম্প্রতি রাজ্যের একটি কলেজে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সিবিআই তদন্ত করা সহ তিনদফা দাবীতে শুক্রবার বিকেল চারটা নাগাদ অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভ দেখালো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে মালবাজারে অবর বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবিকে সামনে রেখে শিক্ষকরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভে অংশগ্রহণকারী বিমল দেবনাথ, তাপস ব্যানার্জি জানান, সরকারের দীর্ঘদিনের উদাসীনতা এবং আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদেই এই বিক্ষোভ। আমাদের প্রধান দাবিগুলি ছিল, আগামী ৯ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতি পালন।

সম্প্রতি একটি কলেজে ঘটে যাওয়া অমানবিক ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সেই ঘটনার সিবিআই দিয়ে তদন্ত করতে হবে। শিক্ষকদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় আদালতের দেওয়া ২৫% হারে রায় অবিলম্বে কার্যকর করা। সংগঠনের নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন, এই দাবিগুলি অবিলম্বে কার্যকর হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।







