#মালবাজার: নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে শহরের ৫ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায়। যার ফলে বর্ষার জলে নালায় জমে থাকা প্লাস্টিকের বর্জ্য সহ অন্যান্য আবর্জনা ভেসে আসে রাস্তায়। স্থানীয় মানুষ সহ পথচলতিদের সমস্যায় পড়তে হয়। এতেই বিরক্ত মানুষ। যদিও সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে পৌরসভা। মালবাজার শহরে এলাকা থেকে পূর্ব দিকে চলে গেছে শহরের অত্যন্ত এক গুরুত্বপূর্ণ রাস্তা। শহরের ৫, ৮,৯,১০ সহ অন্যান্য এলাকার মানুষ দৈনন্দিন বাজার সহ অন্যান্য কাজে এই পথ ধরেই স্টেশন রোড এলাকার সঙ্গে যোগাযোগ রাখে।

পথের ধারেই আছে রেল ময়দান ও রেল কোয়ার্টারস। এহেন এক গুরুত্বপূর্ণ রাস্তায় ঘড়ি মোর থেকে রেল ময়দান পর্যন্ত রাস্তার দুপাশে নালা নজরে আসে না। স্টেশন রোডের রাস্তার সংযোগ স্থলের পাসেই রেলের জায়গায় তৈরি হয়েছে স্বঘোষিত ডাম্পিং গ্রাউন্ড। প্রতিদিন স্টেশন রোড এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ দৈনন্দিন বদ্ধ ওখানেই ফেলে। বর্ষার জলে নোংরা আবর্জনা ভেসে আসে রাস্তায়। জল সরে গেলে রাস্তায় জমে থাকে প্লাস্টিকের আবর্জনা, আমের খোসা, কাঁঠালের বহ্য সহ অনেক কিছু। রাস্তার পাশে রয়েছে একটি মোটরসাইকেল রিপেয়ারিং এর দোকান ও ব্যাংকের সিএসপি।

স্থানীয় এক মহিলা বাসিন্দা জানান, সামান্য বৃষ্টি হলেই নোংরা আবর্জনা ভেসে এখানে জমা হয়।
এছাড়াও ওই ওয়ার্ডের প্রয়াত বলাই দে’র বাড়ির সামনে রয়েছে একাধিক নিকাশী নালা সংযোগস্থল। নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় বর্ষার জলে নালার আবর্জনা ভেসে ওঠে রাস্তার উপরে। এটাই বিরক্ত আশেপাশের মানুষ। স্থানীয়রা জানান, নালা গুলি জাম হয়ে যাওয়ার জন্যই এই সমস্যা হচ্ছে। পৌর সদস্যকে বলাও হয়েছে। সমস্যা মোচন হয়নি। এ নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ জানান, বলাই দে’র বাড়ির সামনে এই সমস্যা সম্পর্কে আমি অবগত আছি। পৌরসভার বোর্ড মিটিংয়ে বিষয়টি তুলেছি।

ওখানে কালভার্ট যেটা আছে সেটা নিচু। যার জন্য বর্ষার জল রাস্তার উপর উঠে আসছে। আমরা পৌরসভার পক্ষ থেকে ওই কালভার্টি ভেঙে নতুন করে উঁচু করে নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি। এছাড়া রেল কোয়ার্টারের সামনে জল জমার যে সমস্যা তৈরি হয়। তার কারণ রাস্তার দুদিকে নালা নেই। ওই জায়গাটি রেলের নিয়ন্ত্রণে। নালা তৈরি করতে গেলে রেলের অনুমোদন লাগবে। সেটা পেতেই সমস্যা হচ্ছে। তবে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত জমা জঞ্জাল সাফাই করা হয়। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় এভাবে জল ও জঞ্জাল জমার ফলে বিরক্ত সাধারণ মানুষ।






