
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে ডালখোলা নিউ সেইন্ট জেভিয়ার্স হাইস্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কাউন্সিলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা হয় জেলা সভাপতি অনিরুদ্ধ সিনহার পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের শিশু বিজ্ঞান কর্মীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন জেলার কার্যকরী সভাপতি যোগেশ বর্মন। যুদ্ধবিরোধী প্রস্তাব উত্থাপন করেন সহ-সভাপতি পথিক ভট্টাচার্য এবং সমর্থন জানান দীপঙ্কর দাস।

এদিনের সভার শুরুতেই বিজ্ঞান মঞ্চের লক্ষ্য ও ইতিহাস নিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন অঞ্জন মজুমদার। সভার মূল আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দেন জেলা সম্পাদক পার্থ প্রতিম ভদ্র। এরপর ৬টি বিজ্ঞান কেন্দ্রের ১০ জন প্রতিনিধি (যার মধ্যে ৩ জন মহিলা) আলোচনায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বিশেষ বক্তব্য রাখেন রাজ্য কমিটির সহ সম্পাদক সুনীল দাস, তিনি বিজ্ঞানমনস্কতা ও দেশের বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞান মঞ্চের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য দেন জেলা সম্পাদক এবং সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অনিরুদ্ধ সিনহা। সভায় মোট ৫১ জন সদস্য উপস্থিত ছিলেন।







