
#নিউজ ডেস্কঃ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে ৬ সপ্তাহের মধ্যে, রাজ্য সরকারী কর্মচারীদের জন্য, বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দেওয়ার কথা বলা হয়। আজই সেই ৬ সপ্তাহ শেষ হবে। কিন্তু তার আগেই এদিন আবারও সুপ্রিম কোর্টের কাছে ডিএ নিয়ে লিখিত আবেদন করল রাজ্য সরকার। আবেদনে বলা হয়েছে, বকেয়া ২৫% ডিএ’র টাকা এখনই দেওয়া সম্ভব নয়। এজন্য আরও ৬ মাস সময় প্রয়োজন।

সেই সময় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকার। এদিকে, ওই আবেদনেই রাজ্য সরকারি কর্মীদের দাবি নিয়েও মুখ খুলেছে প্রশাসন। রাজ্যের লিখিত আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা। পাশাপাশি, রাজ্যের আর্থিক সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই আবেদনে।

এনিয়ে, রাজ্যের শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ ডিএ না দিয়ে শ্রমিক কর্মচারী বিরোধী রাজ্য সরকার নিজেদের আর্থিক সীমাবদ্ধতার অজুহাত তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে একপ্রকার যুদ্ধ ঘোষণা করল।

অন্যান্য বহু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এ আই সি পি আই অনুযায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছে অথচ তারা সেই অর্থ নিয়ে ভোট কুড়ানোর লক্ষ্যে খেলা, মেলা, ক্লাবে অনুদান, প্রসাদ বিতরণ, প্রশাসনিক বৈঠকের নামে কোটি কোটি টাকা ব্যয় করছে। চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের সম্মানজনক ভাতাও দেয় না এই সরকার। শ্রমিক কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার জানাই। সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার অবলীলায় সংবিধান বিরোধী ভূমিকা পালন করে চলেছে। আইন ব্যবস্থার মাধ্যমে কেন শাস্তি দেওয়া হবে না এই সরকারকে? আইনি লড়াইয়ের পাশাপাশি সর্বাত্মক আন্দোলনের আহ্বান জানাচ্ছি শিক্ষক ও স্থায়ী অস্থায়ী কর্মচারী সমাজকে।






