
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ গতবছরই ওড়িশা থেকে আনা নিম কাঠ দিয়ে তৈরি হয় ৯ লাখ টাকার জগন্নাথ দেবের রথ। দক্ষিণ ভারতের মুরুদেশ্বর মন্দিরের আদলে তৈরি এই জগন্নাথ দেবের রথ এবারও শহরের রাজপথে নামবে। প্রস্তুতি চলছে জোরকদমে। সোনার রঙের এই সুবিশাল রথ এবারও শহরবাসীর নজর কাড়বে, এমনটাই দাবি রথ প্রস্তুতির কারিগরদের।

রায়গঞ্জ শহরের বুকে রথযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে আবেগ। সেই আবেগকে বুকে নিয়েই বছর পাঁচেক আগে চম্পক ব্রহ্ম ও তার স্ত্রী মিলে হঠাৎই রথযাত্রার সূচনা করেন। এদিন দেবীনগরের বাড়িতে বসে চম্পক বাবুর স্ত্রী রাইসা মুখার্জি বলেন, ৪ বছর পার হয়েছে গতবছর। তাই নতুন রথ নামিয়ে ছিলাম। দক্ষিণ গোয়ার মুরুদেশ্বর মন্দিরের সোনা মোড়ানো মন্দিরের আদলে রথ বানানো হয়। গত বছর প্রায় ৩ মাস ধরে কাঠ মিস্তিরিরা নিম, আকাশমনি, শাল কাঠ দিয়ে রথ তৈরি করছেন। সোনালী রঙের এই রথ রাস্তায় দেখে সাধারণ মানুষের ভীষণ খুশি হন।

চম্পক বাবু বলেন, এবার পারিবারিক কারনে রথ হালদারপাড়ার দশের মন্দির থেকে বের হবে এবং গুন্ডিচা মন্দির হিসেবে দেবীনগরের ওই হালদারপাড়াকেই বেছে নেওয়া হয়েছে। এতে সম্পূর্ণ আচার অনুষ্ঠান পালন করতে নবদ্বীপ থেকে একদল সনাতনী সাধু আসবেন। পাশের বাড়ির বাসিন্দা পায়েল ভদ্র বলেন, এই রথ আমাদের কাছে গর্বের। এখন থেকেই দিন গুনছি রথের দড়িতে টান দিয়ে সকলের ইচ্ছে পূরণের প্রার্থনা করব।







