Explore

Search

July 10, 2026 12:34 am

IAS Coaching

ছাদবাগানে মিয়াজাকি, রুবি লংগন চাষ করে নজর কেড়েছেন শিক্ষক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ লকডাউনের সময় গড়ে তোলেন ছাদবাগান। প্রথম দিকে দেশীয় ফুল ও ফল চাষ করলেও এবার এই মাটিতে বিদেশী রুবি লংগন এবং মিয়াজাকির মত দামী আম ফলিয়ে নজর কাড়লেন রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক আশীষ কুমার মন্ডল। আজ তাঁর ছাদে রুবি লংগন, মিয়াজাকি আম সহ বিভিন্ন ফুল ও ফলের গাছ রয়েছে প্রায় একশোটি।

আশীষবাবু জানান, “আগে ছাদবাগানের প্রতি তেমন ঝোঁক ছিল না। লকডাউনের সময় থেকেই শুরু করি। এখন ফুল-ফলসহ প্রায় ১০০টি গাছ নিয়মিত পরিচর্যা করি।” রুবি লংগনের চারার দাম পড়েছে ২৫০০ টাকা। অন্য চারাগুলির দাম ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে। তিনি জানান, কৃষ্ণনগরের একটি নার্সারি ও অনলাইন থেকে চারা সংগ্রহ করেছেন।

গাছের পরিচর্যার বিষয়ে আশীষবাবু বলেন, “মূলত জৈব সার ব্যবহার করি—ডিম, কলা, সবজির খোসা, সরসেখোল, হাড়গুঁড়ো, শিংকুচি ইত্যাদি। মাঝে মাঝে রাসায়নিক সার যেমন পটাশ, ফসফেট, ডিএপি, বোরন, সালফেট, ম্যাগনেশিয়াম সালফেট এবং কিছু ওষুধ স্প্রে করতে হয়।” শহরের ব্যস্ত জীবনে এমন উদ্যোগ প্রশংসনীয়। অনেকেই তাঁর ছাদবাগান দেখে উৎসাহ পাচ্ছেন। শিক্ষক আশীষ মন্ডল প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছে থাকলে ছাদও হতে পারে সবুজের আধার।

Advertisement
Live Cricket Score
upskillninja