#মালবাজার: আবারো বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পরল পূর্ণবয়স্ক এক স্ত্রী চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরঝোড়া চা বাগানে। স্থানীয় শ্রমিক ও বন দপ্তর সূত্রে জানা গেছে, ওই চা বাগানে গত মাসখানেক যাবত চিতাবাঘের উপদ্রব বেড়ে উঠেছিল। শ্রমিক মহল্লায় হানা দিয়ে নিয়ে যাচ্ছিল ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি।
অবশেষে চা বাগান কর্তৃপক্ষের আবেদনের সাড়া দিয়ে বন্যপ্রাণ শাখার মাল স্কোয়ার্ডের কর্মীরা কয়েকদিন আগে চা বাগানের ১০ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে।

শনিবার সকালে চা বাগানের শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ শাখার কর্মীরা গিয়ে ধৃত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসে। বন কর্মীরা জানায়, ধৃত চিতাবাঘটি স্ত্রী এব পূর্ণ বয়স্ক। প্রাথমিক পর্যবেক্ষণের পর আবারো গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। তবে শ্রমিকদের দাবি চা বাগানে আরো এজাতীয় চিতাবাঘ রয়েছে।








