Explore

Search

July 10, 2026 12:33 am

IAS Coaching

পথ কুকুরদের জন্য অভিনব সরকারি পদক্ষেপ, প্রশংসা সর্বস্তরে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ স্কুল চত্বরে আশ্রয় নেওয়া পথ কুকুরদের জন্য এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুল ক্যাম্পাসে থাকা কুকুরদের খাওয়ার ব্যবস্থা করতে হবে মিড-ডে মিল প্রকল্প থেকেই। পশুপ্রেমী তথা সংসদ সদস্য মেনকা গান্ধীর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি স্কুলে মিড-ডে মিল পরিবেশন দলের একজন কর্মীকে দায়িত্ব দিতে হবে কুকুরদের খাবারের ব্যবস্থা করার জন্য। পাশাপাশি, ওই পথ কুকুরদের নিয়মিত ভ্যাকসিনেশনের ব্যবস্থাও করতে হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। এর মাধ্যমে স্কুল পড়ুয়াদের মধ্যেও পশুদের প্রতি সহানুভূতি ও সহাবস্থানের মানসিকতা গড়ে তোলা সম্ভব বলে মনে করছে শিক্ষা দপ্তর।

এই অভিনব পদক্ষেপে খুশি পশুপ্রেমী মহল। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস-এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, “এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। বহুদিন ধরেই আমরা চেয়েছিলাম সরকারি স্তরে কুকুরদের নিয়ে কিছু ভাবা হোক। স্কুলে থাকা পথ কুকুররা শিশুদের ক্ষতি করে না, বরং তারা জায়গাটিকে নিজেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখে। সরকার এই মানবিক দিকটি মাথায় রেখেছে, এটাই প্রশংসনীয়।”

এই পদক্ষেপ ইতিমধ্যেই বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছে। শিক্ষক, অভিভাবক, পশুপ্রেমী—সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, ছোট থেকেই পশুদের প্রতি যত্ন ও সহমর্মিতা শেখার সুযোগ পাবে পড়ুয়ারা, যা আগামী প্রজন্মকে আরও মানবিক করে তুলবে।

সমগ্র শিক্ষা মিশনের এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে পথ কুকুরদের নিরাপত্তা ও খাদ্য সংকট যেমন মিটবে, তেমনই সমাজে পশুদের প্রতি সহানুভূতির বার্তাও ছড়িয়ে পড়বে।

Advertisement
Live Cricket Score
upskillninja