#মালবাজার: পশ্চিমবঙ্গ রাজ্য পেনশনার্স সমিতির মালবাজার শাখার পক্ষ থেকে বুধবার সকালে মহুকুমা শাসকের অফিসে স্মারকলিপি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।তাদের স্মারকলিপি কর্মসূচির মুখ্য বিষয় ছিল ট্রেজারি অফিস বর্তমানে যেখানে আছে সেটা বেশ ভিতরে। এতটাই ভিতরে যে বয়স্ক মানুষদের যেতে প্রচন্ডই অসুবিধা হয়।সঙ্গে সঙ্গে টোটো চালকরাও জানেন না ট্রেজারি অফিস টা কোথায়?

তাই টোটো চালকেরা এসডিও অফিস প্রাঙ্গনেই বয়স্কদের নামিয়ে চলে যায়। সেই কারণে সমিতির পক্ষ থেকে মহাকুমার শাসকের কাছে আবেদন রাখা হয়,কিছুদিন আগেই নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে এসডিও অফিস।পুরাতন ভবনটি পরিত্যক্ত এবং জাতীয় সড়ক থেকে দু পা হাঁটলেই নতুন ভবনে পৌঁছানো যায়।তাই ট্রেজারি অফিস এই নতুন ভবনে স্থানান্তরিত করা হোক।

সমিতির পক্ষ থেকে সন্দীপ মৈত্র বলেন ‘আমাদের একটাই দাবি,এই পেনশনার্সরাই সারাজীবন সরকারকে সেবা দিয়েছে।তাই তাদের সঙ্গে আমাদের স্বার্থ সর্বতোভাবে যুক্ত। আমাদের আশা তারা আমাদের দাবিতে সাড়া দেবেন’। মহকুমাশাসক শুভম কুন্ডাল বলেন, ‘আমরাও চাইছি নতুন ভবনেই ট্রেজারি দপ্তরকে নিয়ে আসাতে।কিন্তু সেটার কিছু নিয়ম আছে।তার জন্য ইতিমধ্যেই ডাইরেক্টর অফ ট্রেজারির কাছে বিষয়টি নিয়ে অনুমোদন চাওয়া হয়েছে’।







