
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কবি সুকান্ত সরণির বেহাল চিত্রে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি এখন কার্যত নোংরা জল ও আবর্জনার পাঁকে ডুবে রয়েছে। ড্রেনের উপর নির্মাণ সামগ্রী ফেলে তার স্বাভাবিক জল চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় ঘর গৃহস্থালির আবর্জনা মিশ্রিত জল রাস্তায় উপচে পড়ছে।

সবচেয়ে সমস্যায় পড়েছে কৈলাস স্কুলের হোস্টেলে থাকা তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীরা। প্রতিদিন এই নোংরা জল পেরিয়ে তাঁদের হোস্টেলে যাতায়াত করতে হচ্ছে। তাদের দাবি, বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক অনুপম রায় বলেন, “বৃষ্টির জল নয়, ড্রেনের জলই রাস্তায় উঠে এসেছে। মানুষজন খুব সমস্যায় পড়েছেন। প্রশাসন ও সমাজের বিশিষ্টজনদের কাছে আবেদন, এর সমাধান খোঁজার জন্য এগিয়ে আসুন।”

পরিস্থিতি নিয়ে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার জানান, “আমরা এলাকা পরিদর্শন করে সার্ভে করেছি। মাষ্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু হলে এই সমস্যা মিটবে। তাছাড়া যাঁরা বাড়ি তৈরির সময় নির্মাণ সামগ্রী রাস্তায় রাখছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, অবিলম্বে ড্রেন পরিষ্কার করে রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হোক। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।






