
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অবশেষে বহু প্রতীক্ষার পর ভরাট করা হল কুলিক সেতুর মাঝখানের বিপজ্জনক গর্ত। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ শহরের প্রবেশপথে থাকা এই ব্রিজের একাংশে বড় গর্ত তৈরি হয়ে সমস্যায় পড়েছিলেন স্থানীয় মানুষজন ও যাতায়াতকারী গাড়িচালকেরা। সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে সেই গর্তে ঢালাই দিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, শুধু গর্ত ভরাট নয়, জরুরি ভিত্তিতে এই পুরোনো ব্রিজটির পূর্ণ সংস্কার প্রয়োজন।

৩৪ নম্বর জাতীয় সড়ক থাকাকালীন কুলিক নদীর ওপর তৈরি হওয়া এই সেতুর নিয়মিত মেরামতি হত জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। কিন্তু রায়গঞ্জ বাইপাস চালু হওয়ার পর থেকে ওই রাস্তায় ভারী যান চলাচল কমে গেলেও, রায়গঞ্জ শহরের অভ্যন্তরে ঢোকার জন্য এখনো বহু গাড়ি ও মানুষ এই ব্রিজ ব্যবহার করেন।

রায়গঞ্জ শহরের বাসিন্দা মদন সাহা বলেন, “প্রতিদিন এই ব্রিজ দিয়ে অফিস যাই। মাঝখানে গর্ত হওয়ায় খুবই বিপদের মধ্যে দিয়ে যাতায়াত করতাম। এখন একটু স্বস্তি পেলাম, তবে ব্রিজের অনেক অংশেই ফাটল দেখা দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ সংস্কার প্রয়োজন।”

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, বিষয়টি রাজ্য পূর্ত দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। আপাতত মেরামতি করা হলেও ভবিষ্যতের জন্য একটি পূর্ণ সংস্কারের প্রস্তাব তৈরি করে পাঠানো হচ্ছে।

পর্যটকদের কাছেও পরিচিত কুলিক পাখিরালয় সংলগ্ন এই ব্রিজ রায়গঞ্জের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তাই নিরাপদ ও টেকসই যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সংস্কারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে শহর জুড়ে।






