Explore

Search

July 10, 2026 5:05 am

IAS Coaching

ভালো পড়াতে চাই, দাবি নিয়ে ভূগোল শিক্ষকদের উদ্যোগে রায়গঞ্জে কর্মশালা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ স্কুলে সঠিক সময়ে পৌঁছে, শ্রেণীকক্ষে ভালো করে পড়াতে চাই। চাই আগামী দিনে ভূগোল বিষয়ে ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ুক, এমন মানসিকতা নিয়েই একদল ভূগোল শিক্ষক-শিক্ষিকা উদ্যোগী হলেন এক প্রশিক্ষণ কর্মশালায়। শুক্রবার দুপুরে রায়গঞ্জ প্রমোদা সুন্দরী গার্লস হাইস্কুলে আয়োজিত এই কর্মশালার প্রধান আয়োজক ছিল ‘রায়গঞ্জ স্কুল অফ জিওগ্রাফি’ নামক একটি সংগঠন।

এই দিনব্যাপী কর্মশালায় অংশ নেন উত্তর দিনাজপুর জেলার মোট ৩৫টি স্কুলের ভূগোল শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের আহ্বায়ক ত্রিদীপ্ত ঘোষ জানান, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ভূগোল বিষয়ের একটি নতুন পাঠক্রম চালু করেছে। ফলে শিক্ষক-শিক্ষিকারা শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই অভাব পূরণ করতেই আমাদের এই প্রয়াস।

সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত বলেন, “আমরা চাই আরও মানসম্পন্ন পাঠদান হোক। সেইজন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রয়োজন আছে।” আয়োজক স্কুলের প্রধান শিক্ষিকা মালঞ্চ গাঙ্গুলি জানান, “আমরা কলেজে যে বিষয়গুলি পড়েছি, এখন উচ্চমাধ্যমিক স্তরের ভূগোলে সেগুলিই অন্তর্ভুক্ত হয়েছে। তাই এই কর্মশালার মাধ্যমে সেই বিষয়গুলি পুনরায় আয়ত্তে আনা হল।”

এই ওরিয়েন্টেশন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তমাল বসু রায়, কালিয়াচক কলেজের অধ্যাপক ড. সঞ্জয় সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়জিৎ দেবনাথ এবং গবেষক বাপি সাহা। আয়োজকদের মতে, এই ধরনের কর্মশালা নিয়মিত হলে শিক্ষক-শিক্ষিকারা আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে পাঠদানে মনোনিবেশ করতে পারবেন এবং শিক্ষার্থীরাও ভূগোল বিষয়ে আগ্রহী হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja