Explore

Search

July 10, 2026 6:58 am

IAS Coaching

ঝড় বৃষ্টি থামতেই লোডশেডিং, হাঁসফাঁস শহর গঞ্জের মানুষ

#রায়গঞ্জঃ গতকাল রাত ৯টা নাগাদ আচমকা শুরু হওয়া ঝড় বৃষ্টিতে অচল হয়ে পড়ে গোটা রায়গঞ্জ শহর ও সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রায় ২৫ মিনিট ধরে চলা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড় থামলেও বিদ্যুৎ ফেরেনি। গভীর রাত পেরিয়ে আজ সকাল পর্যন্ত অনেক জায়গায় বিদ্যুৎ না আসায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎবিহীন রাত কাটিয়ে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতি বছরই সামান্য ঝড়েই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হতে হয়। অথচ বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না। এক বাসিন্দা ক্ষীরোদ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু বিল তুলতে সক্রিয় প্রশাসন। কিন্তু ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ গেলে কবে আসবে, তার ঠিক থাকে না।”

এদিকে বিদ্যুৎ দপ্তরের বীরনগরের স্টেশন ম্যানেজারকে ফোন করা হলে তার মোবাইল ফোন সুইচ অফ দেখায়। পাশাপাশি, এক আধিকারিক জানান, ঝড়ে বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ও লাইনে ক্ষতি হয়েছে। দ্রুত কাজ শুরু হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আগামীকাল বিকেলের মধ্যেই বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে।

তবে ততক্ষণে গরমে হাঁপিয়ে উঠেছেন শহরবাসী। বিভিন্ন ওষুধের দোকান, হাসপাতাল, ছোট ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রাটের প্রভাব পড়েছে প্রবলভাবে। প্রতিবছর এই চিত্রের পুনরাবৃত্তি দেখে মানুষের প্রশ্ন—তবে কি ঝড় মানেই অন্ধকারে ডুবে যাওয়া রায়গঞ্জ?

Advertisement
Live Cricket Score
upskillninja