
#রায়গঞ্জঃ সদ্য চাকরি হারা শিক্ষকদেরকে তাদের সুবিধা মত কোচিং বা পরামর্শ দিতে এগিয়ে এলেন রায়গঞ্জের বাসিন্দা তথা ফিজিক্সের অধ্যাপক প্রসেনজিৎ চৌধুরী। তিনি ইটাহার ড. মেঘনাদ সাহা কলেজে অধ্যাপনা করেন। ওই অধ্যাপকের এমন নজিরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মনোবিদেরা।

অধ্যাপক প্রসেনজিৎ চৌধুরী বলেন, কোনো সদ্য চাকরি হারা শিক্ষক যদি তাদের প্রয়োজনে পদার্থবিদ্যার পরামর্শ নিতে চান, তাহলে তারা যেন সদ্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন। এতে ইতিমধ্যেই বেশ কয়েক জন জয়েন করেছে জানিয়ে এদিন প্রসেনজিৎ বাবু বলেন, চারপাশে একটা অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন চাকরি করে সদ্য চাকরি হারিয়ে অনেকে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছেন৷

আমি তাদেরকে কোচিং বা পরামর্শ দিয়ে সহায়তা করতে চাই। তিনি বলেন, চাকরিহারাদের প্রত্যেকের বয়স হয়েছে। তারা অনেকে হয়ত নিচু ক্লাসের পাঠদান করতে গিয়ে উঁচু ক্লাসের পড়া ভুলেছেন তাই তাদেরকে পুরোনো পড়া ঝালিয়ে নিতে হাত বাড়িয়ে দিলাম। ইতিমধ্যেই ৫জন যোগাযোগ করেছে। এছাড়াও বিগত ৯ বছর ধরে চাকরিহীন বেকার ছেলেমেয়েরাও যোগাযোগ করেছে। প্রত্যেককে বিনামূল্যে পাশ করার পরামর্শ দেব।

তাঁর কথায়,এমন একটা অভূতপূর্ব ক্রাইসিস কেউ কোনোদিন দেখিনি। চাকরি হারা শিক্ষকের প্রত্যেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছে। কাউকে ফোন করতে পারছি না। আমার মতে, চাকরি হারারা প্রত্যেকেই শিক্ষক, তারা জানেন সবটা। কিন্তু এসএসসি একটি চাকরির পরীক্ষা। এখানে প্রশ্নের ধরন আলাদা। তাই পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই পদক্ষেপ নিলাম।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মনোবিদ বিপুল দাস। তিনি বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আর এমন একটা ক্রাইসিস, যা আগে কেউ কোনোদিন সম্মুখীন হইনি, সেখানে পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে অধ্যাপক সঠিক কাজ করেছেন। এই মূহুর্তে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করি।






