#মালবাজার: সদ্য বিজেপির সঙ্গে সংস্রব ত্যাগ করে তৃনমুল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জান বারলা। শনিবার ডুয়ার্সে ফিরতেই জন বারলাকে উষ্ণ অভ্যর্থনা জানালো তৃণমূলের কর্মী সমর্থকরা।
গত বৃহস্পতিবার কলকাতা তৃণমূল কংগ্রেস ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগ দেন ডুয়ার্সের দাপুটে বিজেপি নেতা জন বার্লা। এরপর একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার সকালে তিনি কলকাতা থেকে শিলিগুড়ি ফেরেন। সেখান থেকে সড়কপথে তার বাড়ি বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দেন। তিস্তা নদী পেরিয়ে ডুয়ার্সে ঢুকতেই প্রথমেই ডুয়ার্সের দ্বার এলেনবাড়ি চা বাগান মোরে তাকে সম্বর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখান থেকে তার গাড়ি চলে আসে ওদলাবাড়িতে সেখানে তাকে সম্বর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক আনন্দ মুন্ডা সহ অন্যান্যরা। তবে ওদলাবাড়িতে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তমাল ঘোষ ও অঞ্চল তৃনমূল সভাপতি সুকান্ত চৌধুরীকে দেখা যায়নি।

মালবাজার শহরে পৌছাতেই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাকে সম্বর্ধনা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাও কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সুশীল কুমার প্রসাদ রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবাড়াইক, আদিবাসী বিকাশ পরিষদের নেতা অমরদান বারলা প্রমুখ। এখানে তিনি বলেন, বিজেপি নেতারা ডুয়ার্সে আসা যাওয়া করবেন, ভাষণ দেবেন কিন্তু ডুয়ার্সের চা বাগানের মানুষদের জন্য সত্যিকারের কাজ করবেন আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর তিনি মাল পৌরসভায় দেখা করে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে চালসা ও নাগরাকাটায় তাকে সম্বর্ধনা দেওয়া হয়। নাগরা কাটায় তাকে সম্বর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রেম ছেত্রী।








