#মালবাজার: মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আবারও প্রসব কালে শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো। চিকিৎসার গাফিলতির অভিযোগ জানালো পরিবার। এনিয়ে প্রসুতির পরিবার মাল থানায় লিখিত অভিযোগ করে। জানা গেছে, ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার এক গর্ভবতী মহিলা প্রসবের জন্য গত ৮ এপ্রিল মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন।বুধবার তার প্রসবের দিন নির্ধারিত করেছিল ডাক্তার। সেই মতো প্রসবের ব্যবস্থা হয়।

প্রসবের পর সদ্যোজাত শিশুর শারীরিক প্রতিক্রিয়া ছিল না। পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে বলে অভিযোগ। এই ঘটনার পর ওই পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন। প্রসুতির স্বামী হামিদুল ইসলাম বলেন, গতকাল সকাল নটা নাগাদ আমি আমার স্ত্রীকে প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করি। প্রাথমিক পর্যবেক্ষণের পর ডাক্তার বলে নর্মাল ডেলিভারি
হবে। রাতে যন্ত্রণায় আমার স্ত্রী কষ্ট পাচ্ছিল।

আজ সকালে ডাক্তার জানায় সিজারিয়ান করতে হবে এবং আমাকে দিয়ে কাগজে স্বাক্ষর করা। ডেলিভারির পর ডাক্তার আমাকে জানায়, “আপনার বাচ্চাকে বাঁচাতে পারলাম না” এই বলে চলে যায়। আমি একাধিকবার পেছন থেকে ডেকে ঘটনার কারণ জানতে চাই কিন্তু, ডাক্তার কোন প্রকার উত্তর না দিয়ে চলে যায়। কি কারনে শিশুর মৃত্যু হল? তা কি আমরা জানতে চাইতে পারি না?

এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত করে ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মাল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসবের সময় শিশুর মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছিল।







