
#রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে পালিত হল বিশ্ব বন্যপ্রাণ দিবস। বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং রক্ষার বিষয়ে উদ্যোগী হওয়াই ছিল এই দিবস পালনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা, বাণিজ্য এবং আইন বিভাগের ডিন, প্রফেসর অনিরুদ্ধ দাস, ছাত্রকল্যান বিভাগের ডিন, প্রফেসর সঞ্জীব মন্ডল, শিক্ষক পরিষদের সভাপতি ড: দেবাশীষ বিশ্বাস, অনুজীববিদ্যা বিভাগের প্রধান ডঃ প্রদীপ দাস মহাপাত্র প্রমুখ।

প্রাণী বিদ্যা বিভাগের প্রধান তথা অনুষ্ঠানের আহ্বায়ক ডঃ দেবশ্রী মন্ডল তার স্বাগত ভাষনে শিক্ষার্থীদের বন্যপ্রাণী ও উদ্ভিদের গুরুত্ব ও সংরক্ষনের উপযোগিতা সম্পর্কে অবগত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা। তিনি পশ্চিমবঙ্গের মানব-বন্যপ্রাণী সংঘাত বিষয়ে অন্তরদৃষ্টি মূলক আলোচনা করেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদার চাঁচল কলেজের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ শান্তনু বসু। এছাড়াও বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ পার্থসারথী নন্দী।

তিনটে পর্যায়ে বিভক্ত এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ডঃ দেবশ্রী মন্ডল সম্পাদিত জার্নাল “Zoorica” র দ্বিতীয় সংখ্যা প্রকাশ করা হয় সন্মানীয় প্রধান অতিথিবৃন্দ দ্বারা। জার্নালের এই সংখ্যায় প্রকাশিত হয়েছে মোট আটটি রিসার্চ ও রিভিউ আর্টিকেল। অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে ছিল পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গী উপস্থাপন করে।

সমস্ত অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সহযোগিতা করেছেন প্রাণীবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ তপন সরকার, গবেষক শ্রী গোপাল রায়, বিভাগীয় অশিক্ষক কর্মী শ্রী দেবীপ্রসাদ চক্রবর্তী, শ্রী প্রকাশ ভৌমিক এবং বিভাগীয় ছাত্রছাত্রীরা।







