#মালবাজার: ভোটার তালিকায় ভুতুড়ে নাম নির্বাচনী কৌশল নিয়ে ডামডিমে ব্লকের কর্মীদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মাল কেন্দ্রের বিধায়ক বুলু চিকবাড়াইক। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মাল ব্লক তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ গোটা ব্লকে বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও কর্মীরা।

বৈঠকে মন্ত্রী বলেন, অতি সম্প্রতি দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি ভুতুড়ে ভোটার নিয়ে কর্মীদের সতর্ক করেছেন এবং নির্দেশ দিয়েছেন এসব সংশোধনের জন্য। এজন্যেই আজ আমাদের এই কর্মীসভা। মুখ্যমন্ত্রী বলেছেন দেখা যাচ্ছে হয়তো গুজরাটে কোন ব্যক্তির নাম ভোটার লিস্টে রয়েছে সেই ব্যক্তির নাম এই রাজ্য ভোটার তালিকায় রয়েছে।

ভোটের সময় তারা ভোট দিয়ে যাচ্ছে। এজাতীয় ভোটারদের খুঁজে বার করতে আগামীকাল থেকেই আমাদের কর্মীরা প্রতিটি বুথে সভা করবেন এবং বাড়ি বাড়ি যাবেন। ভোটার তালিকা মিলিয়ে দেখবেন যদি কোন অবাঞ্ছিত ভোটার থাকে তাকে বাতিল করার জন্য আবেদন করবেন। এছাড়াও রাজ্য সরকার যেসব উন্নয়নমূলক কাজ করছে তা তুলে ধরবে।

এছাড়া তিনি বিজেপি সাংসদকে আক্রমণ করে বলেন, গত দশ বছর যাবত উনি সাংসদ আছেন কিন্তু, এই এলাকায় উনাকে দেখা যায় না। কোন সামাজিক কাজ বা উন্নয়ন মূলক কাজে উনাকে পাওয়া যায় না। আমাদের বিশ্বাস আছে মাল কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে আমাদের লিড ছিল। আগামী বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে আমাদের লিড থাকবে। আগামী নির্বাচনে দল যাকে প্রার্থী করবে আমরা সবাই মিলে তাকে জিতিয়ে আনতে তৎপর হব।







