#মালবাজার: শুক্রবার মাল পৌরসভা চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন স্বপন সাহা। ঠিক এই দিনেই তার বিরুদ্ধে মামলাকারী আইনজীবী সুমন শিকদারের বাড়িতে হামলার অভিযোগ উঠল স্বপন অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সুমন শিকদার এ নিয়ে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর থানায় দাঁড়িয়ে তিনি বলেন, সকালে একটু বাইরে কাজ সেরে ১১ঃ৩০ নাগাদ বাড়ি এসে দেখি চেয়ারম্যান অনুগামী সিরাজুল ইসলাম, রাজু পাসি সহ বেশ কয়েকজন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে।

আমি কাছে যেতেই আমাকে ধমকের সুরে তারা বলে আপনি আমাদের বিরুদ্ধে মামলা করেছেন আমরা আপনাকে দেখে নেব। আপনার বউ-বাচ্চাকে সুস্থ থাকতে দেব না। সামনে মাঠে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করি। আমাদের বিরুদ্ধে মামলা করেছেন আরো করুন আপনাকে দেখে নেব। এরপরেই আমি থানার আইসিকে ফোনে জানাই তিনি এসে ওদের সরিয়ে দেয়।

এখন আমি থানায় লিখিত অভিযোগ জানালাম এবং বিষয়টি উচ্চ আদালতের নজরে আনবো।
এ নিয়ে মাল টাউন তৃণমূল সভাপতি অমিত দে জানান, উনার বাড়িতে কেউ হামলা করেনি বা করতেও যায়নি। উনি কিছু যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এই জাতীয় মামলা যাতে আর না করেন সে কথাই বলতে গিয়েছিল।
এই ঘটনায় মালবাজার শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।








