#মালবাজার: ৪ বছর বাদে অবশেষে নাগরাকাটা এলাকার সুখানি ঝোড়ার ভাঙা সেতুর নির্মাণ কাজ শুরু হলো। চার বছর আগে প্রবল বর্ষণে ফুলেফেঁপে উঠে সুখানি ঝোড়া। প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে সেতু এবং প্লাবিত হয় আশপাশের এলাকা। নাগরাকাটা বাজার এবং সদর এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মনমোহনধুরা গ্রামের বেশ কয়েকটি পরিবারের।

তারপর থেকে ওই গ্রামের মানুষজন ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত করত। বর্ষার সময় ঝোড়ায় জল বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তো। গ্রামের মানুষ সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন মহলে আবেদন জানান। অবশেষে রবিবার তাদের দাবির মান্যতা পায়। এদিন ফিতা কেটে সেতু নির্মাণের কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, জেলা পরিষদ সদস্যা ফিরোজ নূর পাটোয়ারি, গ্রাম পঞ্চায়েত সদস্য এমা ওরাও সহ অন্যান্যরা।

জেলা পরিষদ সদস্যা ফিরোজ নূর পাটোয়ারী বলেন, গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমি এই এলাকার মানুষকে কথা দিয়েছিলাম যদি নির্বাচিত হই তবে অবশ্যই সেতু নির্মাণ করব। খানিকটা দেরি হলেও আজ নতুন সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে। এটাই আমার কাছে খুশির খবর। জানা গেছে, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করে এই সেতু নির্মাণ হবে। সেতু নির্মাণের কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির উচ্ছ্বাস দেখা যায়।








