
#রায়গঞ্জঃ রায়গঞ্জ বন বিভাগের পক্ষ থেকে রায়গঞ্জ রেঞ্জ আজ রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী ছোট , বড় সমস্ত জলাশয় গুলোতে জলজ পাখি গণনার কাজ শুরু করল। বনদপ্তরের আহবানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস , হিমালয়ান মাউন্টেইনারস এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবং নর্থ বেঙ্গল ফটো গ্রাফি ক্লাব এই জলজ পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছিল।

এদিন রায়গঞ্জ শহরের অশোক পল্লীর লাহিড়ী পুকুর, উকিলপাড়া পীর পুকুর, নেহালী বিল, মহারাজার দ্বীপ রাজার দীঘি সহ রায়গঞ্জের বিভিন্ন জলাভূমি গুলোতে জলজ পাখি গণনার কাজ চলে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ছাড়াও রায়গঞ্জের পক্ষী বিশেষজ্ঞ অরূপ মিত্র, দেবাশীষ দে, বাসুদেব চক্রবর্ত্তী, প্রবাহ চৌধুরী এবং প্রতীক চৌধুরীও এই জলজ পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছিলেন।

স্বেচ্ছাসেবী গৌতম তান্তিয়া বলেন, সরাল, গ্রেট ইগ্রেট , ডুবডুবি, ডার্টার, বড় পানকৌড়ি,, নর্দার্ন পিন্টেল ,নর্দার্ন শোভলার,বামুনিয়া হাস, মদনটাক , তিলি হাঁস সহ প্রায় ২৪ টি প্রজাতির জলজ পাখিকে চিহ্নিত করা গেছে আজকের পাখি গণনায়। পাখি গণনার পাশাপাশি স্থানীয় মানুষকে জলজ পাখি সম্পর্কে সচেতন করার জন্য ও তাদের রক্ষা করা এবং পাখি স্বীকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কি ধরনের সাজা হতে পারে সেই সম্পর্কেও প্রচারকার্য চালানো হয় বনদপ্তরের পক্ষ থেকে।

আজকের জলজ পাখি গণনার সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের রেঞ্জার সঞ্জীব সাহা, বিট অফিসার অনিল চন্দ্র সাহা, বনকর্মী রাজন শর্মা সহ পশুপ্রেমী সংস্থার গৌতম তান্তিয়া, সোনালী মজুমদার, ডঃ মেঘনা চন্দ, সৈকত সাহা, রুমিত দেবশর্মা, এইচ এম টি এর তাপস জোয়ারদার, পাপিয়া চক্রবর্ত্তী সহ অন্যান্যরা। জলজ পাখি গণনার কাজ চলবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত।







