
#নিউজ ডেস্ক: অভিনেতা সইফ আলী খানের দ্রুত আরোগ্য কামনা করে নিজের সামাজিক মাধ্যমে লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি অভিনেতা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন। প্রসঙ্গত সূত্র মারফত জানা যায়, ‘১৫ জানুয়ারি ভোরে ঘটনাটি ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সইফ আহত হন।

যখন ডাকাতির চেষ্টা করা হয়, তখন সইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। বর্তমানে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির বাসিন্দারা জেগে ওঠার পর ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। বান্দ্রা পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে।









