#মালবাজার: ডুয়ার্স জুড়ে নানা অনুষ্ঠান উদ্দিপনার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব পালিত হল। সেই সাথে পালিত হলো জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দ এদেশের যুবকদের একশোভাযাত্রা আদর্শ বা আইকন বলা চলে। রবিবার ছিল তার ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব। এই উপলক্ষে রবিবার সকালে মালবাজার শহরে রামকৃষ্ণ সারদা সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নগর পরিক্রমা করা হয়।

তার সাথে চলে নানা অনুষ্ঠান। এদিন জাতীয় যুব দিবস উপলক্ষে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে ক্লাবের উদ্যোগে এদিন কেরাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের এটিও ক্লাবের উদ্যোগে তিনটি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চালসা বিরসা মুন্ডা পার্কে বিবেকানন্দ জন্ম জয়ন্তী উৎসব কমিটির উদ্যোগে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাল পৌরসভার উদ্যোগে দপ্তর প্রাঙ্গণে স্বামীজীর পূর্ণদৈর্ঘ্যের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও নাগরাকাটা, মেটেলি, ওদলাবাড়িতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানানো হয়।








